দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ড; অন্তত ২০ জনের মৃত্যু

দিল্লির হোটেলে আগুন
দিল্লির হোটেলে আগুন | ছবি: সংগৃহীত
0

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেককে উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লেমন গ্রিন রেস্তোরাঁর বেসমেন্টে আগুন লাগে।

আগুনের খবরে ঘটনাস্থলে একাধিক দমকলের গাড়ি পাঠানো হয়।

দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার টেন্ডার, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স ভেহিকেল এবং অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, হোটেলে প্রায় ৪০ জন লোক ছিলেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এক ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কয়েকজন লোক জ্বলন্ত ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। কর্মকর্তারা তাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

হৌজ রানির সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটির বেসমেন্টে একটি রেস্তোরাঁ ছিল।

স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলটির ২৫টি কক্ষে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য দিল্লিতে এসেছিলেন।

হোটেলটির রেস্তোরাঁয় কর্মরত শেফ কেসার সিং সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে জানান, তখন সকাল প্রায় ৮টা বাজে। তিনি একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করেন, আর সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে ওঠে।

তিনি তখনই বুঝতে পারেন যে, আগুন এরই মধ্যেই হোটেলটিকে গ্রাস করে ফেলেছে।

তার কথায়, ‘আমি সঙ্গে সঙ্গে আমার সহকারীকে জানিয়েছিলাম যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে এসে দেখি, পুরো হোটেলটায় আগুন লেগেছে। আমি কোনোমতে পালাতে সক্ষম হই।’ সূত্র: এনডিটিভি

এনএইচ