হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা; ওমানকে চাপের মুখে না পড়ার আহ্বান

ইরানের উপ-পররাষ্ট্রন্ত্রী কাজেম ঘারিবিয়াবাদি
ইরানের উপ-পররাষ্ট্রন্ত্রী কাজেম ঘারিবিয়াবাদি | ছবি: সংগৃহীত
0

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে ইরান জানিয়েছে, এই রুট বা পথের ওপর সার্বভৌমত্বের অধিকার কেবল ইরান এবং ওমানের রয়েছে। আজ (সোমবার, ১ জুন) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবিয়াবাদি এ মন্তব্য করেন।

ঘারিবিয়াবাদি বলেন, ‘হরমুজ প্রণালির নৌচলাচল ব্যবস্থা ওমানের সঙ্গে সমন্বয় করেই পরিচালনা করা হয়। এটি অন্য কোনো দেশের এখতিয়ার নয়।’

এর আগে খবর পাওয়া গিয়েছিল যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ওমানকে নানাভাবে চাপ দিচ্ছেন। এই প্রেক্ষাপটে কাজেম ঘারিবিয়াবাদি ওমানকে অনুরোধ করেন, তারা যেন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের চাপের মুখে মাথা নত না করে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত ও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার জেরে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। ওয়াশিংটন এই প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তারের চেষ্টা করায় তেহরান এই কঠোর প্রতিক্রিয়া জানালো।

এএম