চলছে ম্যানচেস্টার সিটির খেলা, আর গ্যালারিতে হাজার হাজার কলার মেলা! সাম্প্রতিক সময়ে সিটির ম্যাচ মানেই অদ্ভুত এই দৃশ্য। যার পেছনে আছে প্রায় চার দশকের পুরোনো এক গল্প। ফুটবলের সমর্থকদের অন্যতম বিচিত্র এই পাগলামির গল্পের নায়ক সাবেক সিটি স্ট্রাইকার ইমরে ভারাডি।
১৯৮৭ সালে ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে খেলছিল ম্যানচেস্টার সিটি। মাঠে দলটির খারাপ সময়ের মাঝেই গ্যালারিতে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি কলার প্রতিকৃতি নিয়ে হাজির হন ফ্র্যাঙ্ক নিউটন নামের সমর্থক।
দলের সে সময়ের তারকা ভারাডিকে সেই কলা উপহার দেন তিনি। এরপরই ব্যতিক্রমী উন্মাদনার শুরু। ধীরে ধীরে গ্যালারিতে বাড়তে থাকে কলার সংখ্যা। হতাশার সময়ে সমর্থকদের হাসি-রসিকতার প্রতীক হয়ে ওঠে এই কলা।
চার দশক পর আবারও ম্যানসিটির গ্যালারিতে ফিরেছে কলা। মূলত প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে সিটির বিরুদ্ধে রায় আসার পর থেকেই প্রতিবাদ আর রসিকতার প্রতীক হিসেবে সমর্থকরা বেছে নিয়েছেন কলার প্রতিকৃতি। অ্যানফিল্ড থেকে ইতিহাদ- সবখানেই চোখে পড়েছে এই দৃশ্য।
এদিকে এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সাফল্য পেয়েছেন ভারাডি। ২০২৪ সালে ফোলানো কলার প্রতিকৃতির ব্যবসা শুরু করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে সিটি তার কাছ থেকে ১১ হাজার কলা কিনেছে। আরও ৩০ হাজার কলার চাহিদাও দিয়েছে ক্লাবটি। লিগে ইপসউইচের বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ের পর কলা হাতে দেখা গেছে সিটির তারকা ফিল ফোডেনকেও।
ফুটবল মানেই উন্মাদনা। তবে খেলাটির সব উন্মাদনার জন্ম শুধু শিরোপা কিংবা গোল থেকে হয় না। কখনো কখনো একটি কলাও হয়ে উঠতে পারে সমর্থকদের ঐক্য আর কঠিন সময়কে হাসিমুখে মোকাবেলার প্রতীক। আর সেটারই জ্বলজ্যান্ত উদাহরণ ম্যানচেস্টার সিটির কলা-উন্মাদনা।





