ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহ
অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহ | ছবি: সিএনএন
0

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে হিলসবোরো কাউন্টির গ্র্যান্ড জুরি। গতকাল (বৃহস্পতিবার,৭ মে) আদালতের এক আদেশে ঘাতকের বিরুদ্ধে দুটি পরিকল্পিত হত্যাকাণ্ডসহ আলামত নষ্ট ও তথ্য গোপনের একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিপত্র অনুযায়ী, হিশাম আবুঘারবিয়াহ এখন দুটি ‘ফার্স্ট-ডিগ্রি প্রি-মেডিটেটেড মার্ডার’ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগের মুখোমুখি, যা ফ্লোরিডার আইন অনুযায়ী একটি ক্যাপিটাল ফেলোনি বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এছাড়া তার বিরুদ্ধে বেআইনিভাবে মৃতদেহ সরানো, পুলিশের কাছে মৃত্যুর তথ্য গোপন এবং আলামত নষ্ট করার মতো গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ঠাণ্ডা মাথায় করা একটি নীল-নকশা। হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার জানিয়েছেন, ঘাতক হিশামের ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে দেখা গেছে, লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার কয়েক দিন আগেই সে ইন্টারনেটে বেশ কিছু ভয়ানক বিষয়ে অনুসন্ধান করেছিল। তার সার্চ হিস্ট্রিতে ‘ছুরি কি মানুষের মাথার খুলি ভেদ করতে পারে?’ ‘লাশ কি প্লাস্টিকের ব্যাগে ভরে পুঁতে রাখা যায়?’ এ জাতীয় প্রশ্ন পাওয়া গেছে। এমনকি এই অপরাধের পরিকল্পনায় সে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিল কি না, গোয়েন্দারা এখন তা-ও খতিয়ে দেখছেন।

আরও পড়ুন:

গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে পুলিশ। ২৪ এপ্রিল একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় এবং এর দু’দিন পর ব্রিজের পাশের পানি থেকে উদ্ধার করা হয় বৃষ্টির মরদেহ। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাতক অত্যন্ত নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাদের মৃত্যু নিশ্চিত করেছিল।

এদিকে, আইনি প্রক্রিয়া শেষে বৃষ্টির মরদেহ বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মামলার পরবর্তী ধাপ হিসেবে আগামী ১৮ মে সকাল ৯টায় অভিযুক্ত হিশামকে আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হবে।

ইএ