সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে জানা যায়, আসাদ আল-শাইবানি সিরিয়াকে আঞ্চলিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে গঠিত যেকোনো সামরিক বা নিরাপত্তা কাঠামোকে দামেস্ক সমর্থন করবে।’ বর্তমান পরিস্থিতিতে যৌথ প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।
বিগত দুই বছরের কম সময়ে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইল ১ হাজারের বেশি হামলা চালিয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিনিয়ত ইসরাইলি আক্রমণের মুখে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন এবং ২০২৪ সালের ৮ ডিসেম্বরের আগের সীমানায় ফিরে যাওয়ার দাবি জানান। একই সঙ্গে অধিকৃত গোলান হাইটস সিরিয়ার ভূখণ্ড এবং এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবই চূড়ান্ত ভিত্তি বলে তিনি পুনর্ব্যক্ত করেন।





