ইরানের সঙ্গে চুক্তির আশায় ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ট্রাম্পের

হরমুজ প্রণালিতে নোঙর করা ইরান পতাকাবাহী কন্টেইনার জাহাজ হামুনা
হরমুজ প্রণালিতে নোঙর করা ইরান পতাকাবাহী কন্টেইনার জাহাজ হামুনা | ছবি: রয়টার্স
1

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মার্কিন সামরিক পাহারায় বের করে আনার উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে এই উদ্যোগ ‘স্বল্প সময়ের জন্য’ বিরতি দেয়া হচ্ছে। তবে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প দাবি করেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ‘অসাধারণ সাফল্য’ এবং তেহরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে অগ্রগতির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ বিষয়ে ইরান আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ঘোষণার আগে পেন্টাগন প্রধান পিট হেগসেথ এবং মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছিলেন, ‘যুদ্ধবিরতি এখনো বহাল আছে এবং সাম্প্রতিক হামলাগুলো ‘‘বড় ধরনের যুদ্ধ’’ পুনরায় শুরুর পর্যায়ে পৌঁছায়নি।’ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানান, ‘এপিক ফিউরি’ নামে যুক্তরাষ্ট্রের বড় সামরিক অভিযানের পর্যায় শেষ হয়েছে। তার মতে, ‘ওই ধাপ শেষ, এখন আমরা অন্য পর্যায়ে।’

রুবিও বলেন, ‘স্থায়ী শান্তির জন্য ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের শর্ত মানতে হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলতে সম্মত হতে হবে।’ তিনি চীনের প্রতি আহ্বান জানান, বেইজিং যেন তেহরানকে প্রণালির ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে উৎসাহিত করে। তার ভাষ্য মতে, ‘প্রণালি বন্ধ থাকা চীনের স্বার্থেও নয়।’

হেগসেথ কয়েক ঘণ্টা আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র প্রণালির ভেতর দিয়ে একটি নিরাপদ পথ নিশ্চিত করেছে এবং শত শত বাণিজ্যিক জাহাজ সেখানে পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে এখন পর্যন্ত কেবল দুটি বাণিজ্যিক জাহাজ মার্কিন পাহারায় পার হয়েছে বলে জানা গেছে। পারস্য উপসাগরে প্রায় ২৩ হাজার নাবিকসহ শত শত জাহাজ এখনো আটকা রয়েছে।

আরও পড়ুন:

ইরানের কার্যকর অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে খুচরা বাজারে জ্বালানির গড় দাম গ্যালনপ্রতি ৪ দশমিক ৫০ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। ব্রেন্ট ক্রুডের দাম স্থিতিশীল রয়েছে ব্যারেলপ্রতি ১০৮ ডলারের কাছাকাছি।

এদিকে সংযুক্ত আরব আমিরাত টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ‘অসহনীয়’, তবে তেহরান এখনো পুরো শক্তি প্রয়োগ শুরু করেনি।

মার্কিন দাবি অনুযায়ী হরমুজ প্রণালিতে ইরানের ছয়টি ছোট নৌকা ডুবিয়ে দেয়া হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সেখানে দুটি ছোট বেসামরিক কার্গো নৌকা আঘাতপ্রাপ্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

বর্তমানে হরমুজ প্রণালির আকাশে শতাধিক মার্কিন যুদ্ধবিমান টহল দিচ্ছে। ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, যার ফলে তেহরানের তেল রপ্তানি আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ কনটেইনার পরিবহন কোম্পানি জানিয়েছে, ঝুঁকি মূল্যায়নে এখনো পরিবর্তন আসেনি এবং তাদের জাহাজের জন্য প্রণালিপথ আপাতত ব্যবহারযোগ্য নয়।

এএম