ট্রাম্পের ছবি ও স্বাক্ষরযুক্ত স্মারক পাসপোর্ট তৈরির ঘোষণা

ট্রাম্প ও পাসপোর্ট
ট্রাম্প ও পাসপোর্ট | ছবি: সংগৃহীত
0

এবার ট্রাম্পের ছবি ও স্বাক্ষরযুক্ত স্মারক পাসপোর্ট তৈরির ঘোষণা দিলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী জুলাইয়ে দেশটির স্বাধীনতার বার্ষিকী উদযাপন উপলক্ষে এ প্রকল্প হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও এর আগে এ ধরনের প্রকল্প নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই মার্কিন প্রশাসনের একের পর এক নতুন কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে সমালোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার নিজের ছবি ও স্বাক্ষরযুক্ত পাসপোর্ট আনতে যাচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বেশকিছু স্মারক পাসপোর্ট প্রকাশ করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরইমধ্যে এর নকশা প্রকাশ করা হয়েছে। যেখানে ট্রাম্পের ছবির চারপাশে দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রের কিছু লেখা, পতাকা এবং সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর দেখা যায়।

এদিকে, হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, যেকোনো মার্কিন নাগরিক চাইলেই এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র এই প্রকল্পটি চালু থাকা পর্যন্তই এই সুযোগ মিলবে। এই স্মারক পাসপোর্ট পেতে দিতে হবে না কোনো অতিরিক্ত ফি।

আরও পড়ুন:

তবে পাসপোর্টগুলো শুধু ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতেই পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বর্তমান পাসপোর্টে চন্দ্রাভিযানের পাশাপাশি স্ট্যাচু অফ লিবার্টির মতো দেশটির ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অর্জনের প্রতীক আছে।

এই মেয়াদেই ট্রাম্প প্রশাসন বিভিন্ন সরকারি প্রকল্পে যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্টের নাম ও স্বাক্ষর যুক্ত করে। গেল মার্চ মাসেই ট্রাম্পের ছবিযুক্ত একটি স্মারক স্বর্ণমুদ্রা তৈরির ঘোষণা দেয়া হয়। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরপরই ওয়াশিংটনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিদেশিদের জন্য প্রযোজ্য একটি ভিসা কর্মসূচি, সরকার-পরিচালিত একটি প্রেসক্রিপশন ড্রাগ ওয়েবসাইট এবং শিশুদের জন্য ফেডারেল সেভিংস অ্যাকাউন্টের সঙ্গেও তার নাম যুক্ত করে ট্রাম্প প্রশাসন। এসব প্রকল্প নিয়ে ডেমোক্রেটদের সমালোচনার মুখেও পড়েন ট্রাম্প।

ইএ