মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, হাশিম ফিনয়ান রহিম আল-সারাজি এই গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিজ্ঞপ্তিতে মার্কিন প্রশাসন এই গোষ্ঠীকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেএসএস সদস্যরা ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ওপর হামলা চালিয়েছে।’
সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের সশস্ত্র গোষ্ঠীর নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে নিয়োগ করা এই মিলিশিয়া গোষ্ঠীগুলো মূলত ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশনায় কাজ করে থাকে। ইরাক এখন এই ছায়া যুদ্ধের অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে।





