হামলা স্থগিতের ঘোষণার পরও হরমুজে কড়াকড়ি বাড়ালো ইরান, দুটি জাহাজ জব্দ

তেহরানের রাস্তায় যুক্তরাষ্ট্রবিরোধী দেয়ালচিত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী
তেহরানের রাস্তায় যুক্তরাষ্ট্রবিরোধী দেয়ালচিত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পরও হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরও জোরদার করেছে ইরান। কৌশলগত এই জলপথে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার হঠাৎ অবস্থান পরিবর্তন করে ট্রাম্প জানান, ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নতুন হামলা চালাবে না। তবে ইরান এই ঘোষণা সমর্থন বা যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো সম্মতি দেয়নি।

অবরোধ না উঠলে যুদ্ধবিরতি নয়

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, মার্কিন নৌ-অবরোধ তুলে না নিলে পূর্ণ যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া সম্ভব নয়, কারণ এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।’

তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘সামরিক আগ্রাসনে আপনি লক্ষ্য অর্জন করতে পারেননি, হুমকি দিয়েও পারবেন না। একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকার স্বীকার করা।’

দুটি জাহাজ জব্দ

আইআরজিসি লিবারিয়া পতাকাবাহী ‘এপামিনোন্ডাস’ এবং পানামা পতাকাবাহী ‘এমএসসি ফ্রানচেস্কা’ নামের দুটি জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নিয়ে যায়। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজির অভিযোগে জাহাজ দুটি আটক করা হয়েছে।

এছাড়া একই এলাকায় আরেকটি লিবারিয়া পতাকাবাহী কন্টেইনার জাহাজে গুলি চালানো হলেও সেটি ক্ষতিগ্রস্ত হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘জব্দ হওয়া জাহাজগুলো মার্কিন বা ইসরাইলি নয়, তাই এটি যুদ্ধবিরতি লঙ্ঘন নয়।’ তবে তিনি ঘটনাটিকে ‘জলদস্যুতা’ বলে উল্লেখ করেন।

মার্কিন অবরোধ ও তেলের বাজার

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নৌ-অবরোধের অংশ হিসেবে এখন পর্যন্ত ৩০টির বেশি জাহাজকে ঘুরিয়ে দেয়া হয়েছে। এছাড়া এশিয়ার জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে অন্যদিকে সরিয়ে দেয়া হয়েছে।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠেছে। ব্রেন্ট ক্রুড বৃহস্পতিবার এশীয় বাজারে ১০০ ডলারের ওপরে অবস্থান করে।

নতুন সময়সীমা নেই

ট্রাম্প এর আগে জানান, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র হামলা স্থগিত করেছে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র।

এর আগে ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় দুই পক্ষের প্রতিনিধিরা উপস্থিত হননি। ১১ দিন আগে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

যুক্তরাষ্ট্র চায় ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। ইরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা অবরোধ প্রত্যাহার ও ক্ষতিপূরণ চায়। একই সঙ্গে ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকেও তেহরান আলোচনার শর্ত হিসেবে তুলেছে।

বুধবার লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এপ্রিলের মাঝামাঝি ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে প্রাণঘাতী দিন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এএম