ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাত: লেবাননে অব্যাহত বোমা হামলা; রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত

বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে
বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে | ছবি: বিবিসি
0

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার ১৪তম দিনে তেহরানে আবারো নতুন করে আরও তীব্র হামলার ঘোষণা দিয়েছে ইসরাইল। লেবাননের আরকি শহরে ভয়াবহ বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইল, এতে ৫ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। তবে হরমুজ প্রণালী দিয়ে মিত্রদের জাহাজ চলাচলে অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়ে দেশটি। আর রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

যতই দিন গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান যুদ্ধ। ইসরাইল-যুক্তরাষ্ট্রে যৌথ হামলায় দমে না গিয়ে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান।

মধ্যপ্রাচ্যে তেল ট্যাংকার ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দেশটি। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে প্রার্থনা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরাইল।

জাতির উদ্দেশে ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটির কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। নয়তো হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নেই এমন মিত্র জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

এদিকে, ইরান ও লেবাননে ফের তীব্র হামলা শুরু করে ইসরাইল। তেহরানে পশ্চিমে কয়েক দফা বোমা হামলা হয়েছে। এছাড়া আহভাজ, আরাক, কাশান এবং তেহরান শহরের দক্ষিণ উপ-শহরগুলোতেও রাতে বোমা হামলা হয়েছে।

আরও পড়ুন:

লেবাননের আরকি শহরে ভয়াবহ বোমা হামলায় ৫ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। বৈরুত ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ করেও কয়েক দফা বিমান হামলা চালায় ইসরাইল। বৃহস্পতিবার যুদ্ধের শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান এবং হিজবুল্লাহ আর আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে।

ইরাকের এরবিল অঞ্চলে এক হামলায় একজন চিফ ওয়ারেন্ট অফিসার নিহত এবং বেশ কয়েকজন ফরাসি সৈন্য আহত হয়েছেন বলে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। হামলার সঙ্গে ইরানের যুদ্ধের সম্পর্ক আছে বলেও জানান তিনি।

এদিকে ইরান ও লেবাননের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে জাতিসংঘের ১২টি স্বাধীন মানবাধিকার সংস্থা।

এফএস