Recent event

পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ৩১

ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী
ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী | ছবি: রয়টার্স
1

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক জন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় ইসলামাবাদের তেরলাই এলাকায় শিয়াদের ধর্মীয় সমাবেশস্থল ইমামবাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফরেনসিক দল তদন্ত শেষে এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমা ছিল, তা নির্ধারণ করবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তাকর্মী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটি আত্মঘাতি বোমা হামলা। হামলাকারীকে ইমামবাড়ার গেটে থামানো হলে বিস্ফোরণ ঘটায় সে।’

আরও পড়ুন:

জেলা প্রশাসনের এক মুখপাত্র জানান, ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে সহকারী কমিশনারদের দায়িত্ব দেয়া হয়েছে।

ঘটনার পর ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) ও সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

এর আগে, গত বছর নভেম্বরে ইসলামাবাদের জি–১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন।

এনএইচ