ভারতের সাশ্রয়ী স্মার্টফোনের বাজারে পরিবর্তন আনছে নতুন মডেল

স্মার্টফোন দেখছেন এক গ্রাহক
স্মার্টফোন দেখছেন এক গ্রাহক | ছবি: সংগৃহীত
0

মেমোরি চিপ ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে ভারতের স্মার্টফোন বাজারে পরিবর্তন আসছে। বিশেষ করে কম দামের স্মার্টফোন সেগমেন্টে ক্রমশ ব্যবসায়ীদের জন্য আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ১৫ হাজার রুপির কম মূল্যের স্মার্টফোন খাত এমনিতেই চাপে রয়েছে। কেননা এ ক্যাটাগরিতে লাভের পরিমাণ কম। এছাড়াও দামের বিষয়ে গ্রাহকরা এখন আরও বেশি সতর্ক।

সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে এ চ্যালেঞ্জেই নতুন কিছু ব্র্যান্ডকে বাজারে প্রবেশের সুযোগ করে দিচ্ছে।

বর্তমানে বাজারে যেসব কোম্পানি রয়েছে তাদের সাশ্রয়ীমূল্যের ডিভাইসগুলোর স্পেসিফিকেশন ও ফিচার খুবই সীমিত। এসব ডিভাইসের স্পেসিফিকেশন এর থেকে কমাতে গেলে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ও গ্রাহকদের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

যে কারণে বর্তমানে বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়তে থাকলেও প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর সামনে স্পেসিফিকেশন বা ফোনের দাম কমানোর সুযোগ খুবই সীমিত। তবে নতুন আসা ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা কম। তারা তুলনামূলক আগের প্রজন্মের কিংবা সাশ্রয়ী মূল্যের চিপসেট, মেমোরি, ক্যামেরা সেন্সর ও ডিসপ্লে ব্যবহার করে বিশেষভাবে দাম নিয়ে সচেতন গ্রাহকদের লক্ষ্য করে হ্যান্ডসেট তৈরি করতে পারছে।

এ কৌশলের কারণে তারা স্পেসিফিকেশনের দিক থেকে প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি টেক্কা দিতে না পারলেও, এমন সব সাশ্রয়ী দামের ক্যাটাগরিতে পৌঁছাতে পারছে যা বড় ওএম বা মূল সরঞ্জাম নির্মাতাদের জন্য লাভজনকভাবে ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

তবে এ সুযোগটি মূলত সাশ্রয়ী ও মধ্যম বাজেটের স্মার্টফোন বাজারেই বেশি দেখা যাচ্ছে। নতুন ব্র্যান্ডগুলোর নিকট ভবিষ্যতে প্রিমিয়াম বা চড়া দামের ক্যাটাগরিতে বড় ধরনের প্রভাব ফেলার সম্ভাবনা কম। কারণ প্রিমিয়াম বিভাগে ক্রেতাদের সিদ্ধান্ত মূলত ব্র্যান্ডের প্রতি আস্থা, পণ্যের নির্ভরযোগ্যতা, ইকোসিস্টেম সুবিধা এবং ব্র্যান্ড ভ্যালুর ওপর নির্ভর করে।

এসব জায়গায় প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর স্পষ্ট আধিপত্য রয়েছে এবং নতুন ব্র্যান্ডগুলোর সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সময় লাগবে।

ভারতে দেশিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর পুনরুত্থান মূলত ২০২৫ সাল থেকেই শুরু হয়েছিল, যখন বিভিন্ন মূল্যের ক্যাটাগরিতে নতুন নতুন ব্র্যান্ড বাজারে আসে। বছরের মাঝামাঝি সময়ে এন্ট্রি-লেভেল বা কম দামের ক্যাটাগরিতে বাজারে আসে ‘এআইপ্লাস’, আর বছরের শেষের দিকে মিড-রেঞ্জ বা মাঝারি বাজেটের ক্যাটাগরিতে প্রবেশ করে ‘উবল’।

তবে শুরুতেই তাদের পারফরম্যান্স মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ভারতের স্মার্টফোন বাজারে ‘উবল’ এখন পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ‘এআইপ্লাস’ বেশ ভালো সাড়া পেয়েছে এবং সম্প্রতি তাদের নিজস্ব বাজেট ক্যাটাগরিতে অন্যতম শীর্ষ শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এ নতুন ব্র্যান্ডগুলোর আসার আগে ‘লাভা’ ছিল একমাত্র প্রধান ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড, যার বাজারে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রতিযোগিতা বাড়া সত্ত্বেও ‘লাভা’ সফলভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

এএম