আরও সাশ্রয়ী স্মার্টফোন আনতে কাজ করছে ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস
ওয়ানপ্লাস | ছবি: সংগৃহীত
0

গত কয়েক বছর ধরে ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম ক্যাটাগরিতে মনোযোগ বাড়ালেও, বাজেট ফোনের বাজার ছাড়তে নারাজ ওয়ানপ্লাস। এর অংশ হিসেবে ভারতের বাজারের জন্য একটি সাশ্রয়ীমূল্যের স্মার্টফোন নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যের বরাতে গিজচায়না এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডিভাইসটি কোম্পানির বিদ্যমান ‘নর্ড’ সিরিজের চেয়েও কম দামে বাজারে আসতে পারে। কাঙ্ক্ষিত মূল্যে বাজারে ছাড়তে পারলে, যে বাজেটে ওয়ানপ্লাস একসময় আধিপত্য বিস্তার করেছিল, সেখানে আবারও শক্ত অবস্থান তৈরির সুযোগ হবে বলে অভিমত প্রযুক্তিবিদদের।

প্রযুক্তি বিষয়ক টিপস্টার যোগেশ ব্রারের বরাতে এ তথ্য জানা গেলেও, ওয়ানপ্লাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। এমনকি ডিভাইসটির নাম বা পূর্ণাঙ্গ স্পেসিফিকেশনও সামনে আসেনি। তবে বাজার বিশ্লেষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্র্যান্ডটির বর্তমান প্রোডাক্ট লাইনে এর অবস্থান।

ভারতে ওয়ানপ্লাসের বিদ্যমান নর্ড সিরিজের ফোনের দাম শুরু হয় প্রায় ২০, ৯৯৯ রুপি থেকে। ফলে ২০ হাজার রুপির নিচে নতুন এ বাজেট ফোনটি এলে শাওমি ও রিয়েলমির মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরাসরি টেক্কা দিতে পারবে প্রতিষ্ঠানটি।

অবশ্য সাশ্রয়ী ফোন আনার এ উদ্যোগ ওয়ানপ্লাসের জন্য একদম নতুন কিছু নয়। ভারতের বাজারে বাজেট স্মার্টফোন খাতে বড়সড় উপস্থিতি জানান দিতে আগেই ‘নর্ড এন’ সিরিজ নিয়ে আসার গুঞ্জন উঠেছিল। এক সময় বছরে একটি মাত্র ‘ফ্ল্যাগশিপ কিলার’ ফোন উন্মোচন করা ওয়ানপ্লাস এখন প্রিমিয়াম সেগমেন্টে স্যামসাং ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করছে, আর মধ্যম বাজেটের বাজার সামলাচ্ছে তাদের নর্ড সিরিজ।

তবে ভারতীয় বাজারের ক্ষেত্রে সমীকরণ ভিন্ন। সেখানে ক্রেতাদের কাছে দামের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সাশ্রয়ী মূল্যে ওয়ানপ্লাসের জনপ্রিয় ‘অক্সিজেন ওএস’ ব্যবহারের সুযোগ পেলে তা নর্ড সিরিজের উচ্চমূল্যের কারণে পিছিয়ে থাকা ক্রেতাদের সহজেই আকৃষ্ট করবে।

কমদামে একটি ফোন তৈরি করা সহজ হলেও সেটিতে প্রিমিয়াম ব্র্যান্ড অভিজ্ঞতা ধরে রাখাই এখন ওয়ানপ্লাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফোনটিতে কোন প্রসেসর, কত ক্ষমতার ব্যাটারি কিংবা অ্যামোলেড ডিসপ্লে থাকবে কিনা—সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

পর্যাপ্ত তথ্য ছাড়া ফাঁস হওয়া স্পেসিফিকেশনের ওপর ওপর ভরসা করা কঠিন হলেও, প্রস্তাবিত ধারণাটি বাজেটপ্রেমীদের জন্য ইতিবাচক। তথাকথিত ক্যামেরা বা অপ্রয়োজনীয় ফিচার বাড়ানোর চেয়ে মসৃণ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ক্লিন সফটওয়্যার অভিজ্ঞতা ও মানসম্মত পারফরম্যান্সের ওপর জোর দিয়ে ফোনটির দাম ২০ হাজার রুপির নিচে রাখতে পারলে ভারতীয় বাজারে এটি সাড়া ফেলতে পারে।

এএইচ