সপ্তাহ পেরেলেও সন্ধান মেলেনি ২ বাংলাদেশি শিক্ষার্থীর, ‘এনডেঞ্জার্ড’ ঘোষণা পুলিশের

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়’— এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। চলমান তদন্তে যোগ হয়েছে নতুন মাত্রা। তবে পুলিশ এখন তাদের আনুষ্ঠানিকভাবে ‘এনডেঞ্জার্ড’ বা ‘বিপদগ্রস্ত’ হিসেবে ঘোষণা করেছে।

এর মাধ্যমে তদন্তকারী সংস্থাগুলো প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে, তারা এখন বিশ্বাস করছেন ওই দুই শিক্ষার্থী বর্তমানে কোনো বড় ধরনের বিপদের মুখে রয়েছেন।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, সাম্প্রতিক কিছু নতুন তথ্য সামনে আসায় তদন্তের ধারা বদলে গেছে।

যদিও তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে তাদের এ নতুন মর্যাদা ঘোষণা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। এর আগে বিষয়টি কেবল নিখোঁজ সংক্রান্ত মামলা হিসেবে দেখা হলেও, এখন তা অপরাধমূলক কোনো ঘটনার দিকে মোড় নিয়েছে কি না সেই প্রশ্নই বড় হয়ে উঠছে।

তদন্তের সবচেয়ে উদ্বেগজনক ও নতুন তথ্যের সূত্রপাত হয়েছে পিনেলাস কাউন্টি থেকে। পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় নিশ্চিত করেছে যে, তাদের ফরেনসিক ইউনিট স্যান্ড কি পার্কে নিখোঁজ শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি তল্লাশিতে হিলসবোরো কাউন্টিকে সহায়তা করেছে।

আরও পড়ুন:

টাম্পা থেকে প্রায় ৩০ মাইল দূরের ক্লিয়ারওয়াটার বিচের কাছে মেক্সিকো উপসাগর সংলগ্ন এই উপকূলীয় সংরক্ষিত এলাকায় ফরেনসিক ইউনিটের এমন সরব উপস্থিতি মূলত সম্ভাব্য অপরাধের কঠোর ইঙ্গিতই বহন করছে।

এদিকে, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, দূতাবাস সার্বক্ষণিক স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এখন পর্যন্ত সন্তোষজনক কোনো আপডেট তাদের কাছে নেই।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার নিখোঁজ হন এই দুই শিক্ষার্থী। জামিল লিমনকে সর্বশেষ সকাল ৯টার দিকে অ্যাভালন হাইটস বুলেভার্ডে তার নিজ বাসস্থানে দেখা গিয়েছিল। নাহিদা বৃষ্টিকে সকাল ১০টার দিকে সর্বশেষ ইউএসএফ ক্যাম্পাসের এনইএস ভবনে দেখা যায়।

লিমনের ভাই জুবায়ের আহমেদ এবং বৃষ্টির ভাই জাহেদ হাসান প্রান্ত জানান, তাদের স্বজনরা কখনোই এমনটা করতে পারেন না। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে এফবিআইকে মামলাটিতে যুক্ত করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। আইসিই কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে, তাদের কেউই সংস্থাটির হেফাজতে নেই।

‘এনডেঞ্জার্ড’ ঘোষণা এবং ফরেনসিক ইউনিটের বিশেষ তৎপরতা এখন প্রবাসী বাংলাদেশিদের মনে চরম উৎকণ্ঠা তৈরি করেছে। দেশে-বিদেশে থাকা পরিবারগুলো এখন প্রহর গুনছেন তাদের কোনো সংবাদের অপেক্ষায়।

এফএস