বাহরাইনে নিহত প্রবাসী এসএম তারেকের মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছেছে। প্রায় ২৭ বছর আগে বাহরাইনের যাওয়া এই কর্মী একমাস আগে কর্মস্থলে ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ পড়ে মারা যান। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেকসহ নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে ঢাকা থেকে তার মরদেহ চট্টগ্রামের উদ্দেশে নেয়া হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও সচেতনতার জন্য দূতাবাসগুলো কাজ করছে। প্রবাসীদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের বর্তমান সরকার যুদ্ধ ঘোষণা হওয়ার পরই আপনাদের সেইফ রাখা এবং যতটুকু সম্ভব সহযোগিতা করছেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত সবার মরদেহে দেশে আনার চেষ্টা করছে মন্ত্রণালয়। ফ্লাইট জটিলতায় দেশে আটকে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির লক্ষ্যও সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। যেসব দেশের ভিসার মেয়াদ আরও বাড়ানোর দরকার সেগুলো আমরা এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে। সেই ভিসাগুলোর মেয়াদও বাড়বে। আমরা ৬ জন বাংলাদেশিকে হারিয়েছি, আরও যেন না হারাতে হয় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতেও অনেক প্রবাসী চাকরি হারিয়েছেন, অনেকের বেতন নেমে আসছে অর্ধেকে। এমন অবস্থায় শ্রমবাজারে সংকট তৈরি হবে কি না জানাতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে শ্রমবাজারেও সংকট তৈরি হবে না। চলতি মাসে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘আগামী ৮ এপ্রিল আমাদের মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে একটি মিটিং হবে। থাইল্যান্ডে একটি মিটিং হবে। এ কাজে অনেকখানি অগ্রগতি হয়েছে। তাই আমরা আশা করি এ বিষয়ে আমাদের সংকট তৈরি হবে না।’
মধ্যপ্রাচ্য সংঘাতে এ পর্যন্ত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ৬ বাংলাদেশি নিহতের তথ্য জানালেনও কুয়েতে মাইন বিস্ফোরণে নিহত কুমিল্লার জাহেদ হোসেন ও ইরাকে নিহত মুন্সীগঞ্জের হবি পাইকের তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। নিহতদের মধ্যে এপর্যন্ত বাহরাইন, সৌদি আরব ও আরব আমিরাত থেকে তিনজনের মরদেহ দেশে আনা হলো। এ ছাড়া সৌদি আরবে নিহত বাচ্চু মিয়া মরদেহ দূতাবাসের তত্ত্বাবধানে সেখানে দাফন করা হয়েছে।





