আজ (শনিবার, ২৮ মার্চ) ইস্তাম্বুলে চলমান আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটের (স্ট্র্যাটকম) দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর বুরহানউত্তীন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তির আওতায় ভবিষ্যতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) তুরস্কের সমমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও কৌশল এবং কারিগরি ও পেশাদারিত্বের মানোন্নয়নে একযোগে কাজ করবে।
এর আগে তথ্যমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই ভ্রাতৃত্বপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে তথ্যমন্ত্রী তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদোলু নিউজ এজেন্সি’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দুই দেশের প্রধান সংবাদ সংস্থাগুলোর মধ্যে সংবাদ আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা চুক্তির ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।
উল্লেখ্য, তথ্যমন্ত্রী তুরস্ক সরকারের আমন্ত্রণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণ শেষে আগামী ৩০ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।





