হাসপাতাল বলছে, গেল সপ্তাহের তুলনায় এ অঞ্চলে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ অবস্থায় শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব কমাতে টিকাদান কর্মসূচি নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে এ কথা জানান।
এ অবস্থায় গেল দুই দিনের তুলনায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু ভর্তির হার বেড়েছে বলেও জানান তিনি।
গেল ২৪ ঘণ্টায় মৃত তিন শিশুর দুই জন চাঁপাইনবাবগঞ্জের ও এক জন শিশু নাটোরের যাদের দুই জনের বয়স ৫ মাসও ও এক জনের বয়স ৬। হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশু ও হামে আক্রান্ত শিশুদের আলাদা আলাদা ওয়ার্ড ও কর্নারে রাখার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
রাজশাহীতে হামের প্রাদুর্ভাব কমাতে ও শিশু স্বাস্থ্য উন্নয়নে সকালে রাজশাহী জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসক হাসপাতালের আইসিইউ, ও শিশু ওয়ার্ড পরিদর্শন করেছেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান শহরে ওয়ার্ড ভিত্তিক শিশু স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছেন তারা।
আগামীকাল ৩০টি ওয়ার্ডের ইপিআই কেন্দ্রগুলো থেকে শিশুদের টিকা দেয়া হবে। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান আঞ্জুমান আরা বানু জানান সিটি করপোরেশনের কাছে ১ হাজার ২০০ ভায়াল হামের টিকা রয়েছে যা দ্বারা ৮ হাজার শিশুকে টিকা দেয়া সম্ভব। তবে ক্যাম্পেইন করলে প্রায় দেড়লাখ টিকা প্রদানের সক্ষমতা প্রয়োজন।
এ অবস্থায় ডাব্লিউ এইচও’র পক্ষ থেকে টিকি সরবরাহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে কেন্দ্রীয়ভাবে বৈঠক শেষে আজ টিকা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ।





