আরও পাঁচ দিন বৃষ্টি হতে পারে

জলাবদ্ধতায় ঢাকা
জলাবদ্ধতায় ঢাকা | ছবি: সংগৃহীত
0

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এরই মধ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববার ভোর ৪টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে। প্রায় সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হওয়ায় তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়।

কয়েকটি এলাকায় সড়কে হাঁটুসমান পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। অনেক পথচারীকে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। বৃষ্টির কারণে সকালের শিফটের কয়েকটি স্কুলের ক্লাসও বাতিল করা হয়।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। এ বৃষ্টি রোববার ও সোমবার থেমে থেমে চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জেআর