Recent event

বাংলাদেশ-সৌদির উদ্যোগে ইউরিয়া সার কারখানার সমীক্ষা সম্পন্ন

0

বাংলাদেশ ও সৌদি আরবের উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ এখন কারিগরি বিষয় নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন সৌদি আরবের সহকারি জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আল ইব্রাহিম।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে সৌদি আরবের সহকারি জ্বালানি মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তারা দুই দেশের মধ্যকার অংশীদারিত্বের বিষয় নিয়ে আলোচনা করেন। 

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আগ্রহের কথা জানিয়ে সৌদির সহকারি জ্বালানী মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থ প্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেয়া হয়েছে তা সৌদি সরকার বিবেচনায় রেখেছে।’

এদিন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চিফ অফ স্টাফ এবং বোর্ড অফ ডিরেক্টর্সের সেক্রেটারি জেনারেল সাদ আল কোরডের সঙ্গেও সালমান এফ রহমান বৈঠক করেন। এ সময় পিআইএফ মহাসচিব সালমান এফ রহমানকে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। 

এছাড়া বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা প্রকাশ করে পিআইএফ বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করেছে।

সেজু