আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। এসময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটিকে আটক করা হয়।’
আরও পড়ুন:
কোস্ট গার্ডের তথ্যমতে, তল্লাশি চালিয়ে বোট থেকে ২৪০ বস্তায় ১২ হাজার কেজি ইউরিয়া সার, ১৯০ বস্তায় ৩ হাজার ৮০০ কেজি রসুন এবং ৯০ বস্তায় ৪ হাজার ৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা। এসময় বোটে থাকা এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




