আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া রয়েল হাসপাতালের সামনে ‘লাকীর কুকারিজ’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
আহত আসলাম খান শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামের আলী আকবর খানের ছেলে। বর্তমানে তিনি শনির আখড়ার পলাশপুর এলাকায় বসবাস করছেন।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে আসলাম খান তার নিজ প্রতিষ্ঠান ‘লাকীর কুকারিজ’-এর ভেতর অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত এক দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আসলামের বাম হাত ও কপালের ডান পাশে গুলি লাগে।
ঘটনার পরপরই তার বন্ধু ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে এক যুবককে হাতেনাতে আটক করে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।




