মধুপুরে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা

নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের মধুপুরে জালেমন বেগম (৬৫) নামের এক বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) রাতে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত জালেমন দিঘিরপাড় এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী ও শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ মিঠুর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে। পরে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং ঘরের মাটির ব্যাংকে রাখা নগদ অর্থ নিয়ে যায়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এসএস