পদ্মায় স্পিডবোট ট্রায়ালের সময় আরেক বোট থেকে গুলি, বিদ্ধ যুবক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট ট্রায়ালের সময় অপর একটি স্পিডবোট থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক।

গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গোলাপনগরের মনি পার্ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মৃত. আলম খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে স্পিডবোটের ট্রায়াল দিতে নদীতে গেলে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হন। এ ঘটনার সময় তিনি মনিরুল ইসলামের সঙ্গে ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলেও পরে সেখানে তাকে পাওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, ভর্তি ও জরুরি বিভাগের রেজিস্টারে ‘গানশট’ আহত হিসেবে তার নাম রয়েছে।

আরও পড়ুন:

আজ (শুক্রবার, ৩১ জুলাই) সন্ধ্যায় ববির স্ত্রী বনি জানান, তার স্বামীর অবস্থা গুরুতর এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, পদ্মা নদীতে চরদখল ও বালুঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রুপ দীর্ঘদিন ধরে সক্রিয়। অতীতেও এসব গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। এসব গ্রুপের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও দাবি তাদের।

এ ঘটনায় মনি পার্কের মালিক মনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘পার্ক-সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’

এসএইচ