মিয়ানমারে পাচারের আগে ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

১০০ বস্তা ইউরিয়া সার জব্দ
১০০ বস্তা ইউরিয়া সার জব্দ | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি মিনি ট্রাকসহ দু’জনকে আটক করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৩০ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি মিনি ট্রাকে করে রামু থেকে কুতুপালং হয়ে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে রামু ও উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল একটি সন্দেহভাজন মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।

আরও পড়ুন:

এসময় ট্রাকের চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকার মো. সৈয়দ করিম (২৮) এবং সহযোগী কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী এলাকার মো. জাহেদকে (২৫) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইউরিয়া সারের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও কৃষি বিভাগের কর্মকর্তারা কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ নথি দেখাতে পারেননি। পরে সকাল ৯টার দিকে কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, সারগুলো প্রথমে কুতুপালং বাজারে মজুদ রেখে পরে পর্যায়ক্রমে সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার করা হতো।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএস