মিরপুরে অভাবনীয় দৃশ্য— বলে হাত ঘুরিয়েছেন লিটন কুমার দাস। ব্যাটার-উইকেটকিপারের পর বোলার লিটনের দেখাও মিললো।
অনুশীলনে টাইগার অধিনায়কের মতো পুরো দলকেই দেখা গেছে ফুরফুরে মেজাজে। এ দিন ম্যাচের আবহে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
এশিয়ান গেমসকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের অনুশীলন সারলেন লিটন-শান্তরা। ব্যাট হাতে তানজিদ-মোসাদ্দেক সৈকতদের দেখা গেলো বেশ মনোযোগী। ইনজুরি কাটিয়ে ফেরা মুস্তাফিজ লম্বা সময় করলেন ফিল্ডিং অনুশীলন।
আরও পড়ুন:
এশিয়ান গেমসে দলের সঙ্গে থাকছেন না হেড কোচ ফিল সিমন্স। এ দিন ছিলেন না অনুশীলনেও। মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধেই বর্তাচ্ছে প্রতিপক্ষের বিপক্ষে ছক সাজানোর গুরুদায়িত্ব। অধিনায়ক লিটন দাসের সঙ্গে হয়তো সেই আলাপ সারছেন তিনি।
ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের কিংবা ফিল্ডিং কোচ আশিক মজুমদার সবাই ছিলেন অনুশীলনে। বৃষ্টি নামার আগে প্রায় চার ঘন্টা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
এশিয়ান গেমসের দলে নেই তাই একাডেমি মাঠে আলাদা অনুশীলন সেরেছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ইনজুরি থেকে ফেরা চাঁপাই এক্সপ্রেসের সামনে চ্যালেঞ্জ নিজেকে প্রস্তুত করে দ্রুতই জাতীয় দলের ড্রেসিংরুমে ফেরার।
এশিয়ান গেমসের স্কোয়াডের প্রায় অর্ধেক সদস্য যোগ দেননি এদিনও। দক্ষিণ আফ্রিকা সফর করে সকালেই ফিরেছেন ‘এ’ দলে থাকা তাওহীদ হৃদয়, পারভেজ ইমনরা। আগামীকাল দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তাদের।
১৬ বছর আগে এশিয়ান গেমসে সবশেষ স্বর্ণপদক জিতেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়নের পদক পুনরুদ্ধারে পূর্ণশক্তির দল নিয়েই জাপানে যাচ্ছেন লিটন-ফিজরা।




