মাত্র দু’দিনের প্রস্তুতিতে পেশাদার লিগ, বিপাকে একাধিক ক্লাব

পেশাদার লিগের ড্র
পেশাদার লিগের ড্র | ছবি: এখন টিভি
0

মাত্র দু’দিনের প্রস্তুতি নিয়েই খেলতে হবে পেশাদার লিগের ম্যাচ। বাফুফের লিগ সূচি ঘোষণার পর এমনই বিপাকে পড়েছে দেশের একাধিক ক্লাব। এর মাঝে সবচেয়ে বড় জটিলতা চট্টগ্রাম থেকে আসা চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের। এখন পর্যন্ত আবাসন বা মাঠের ব্যবস্থাই করতে পারেনি দলটি। একইরকমের বিপাকে ওয়ান্ডারার্সের মতো দলও।

বাফুফের লিগ কমিটি কিংবা ক্লাবগুলোর আচরণে বোঝার উপায় নেই ঠিক কতখানি পেশাদার বাংলাদেশের ফুটবল লিগ। নির্ধারিত সময়ের মাত্র পাঁচ দিন আগে লিগের সূচি ঘোষণা করার পর অনেকটাই বিপাকে ক্লাবগুলো। মহামেডানের মতো দল এখন পর্যন্ত নামেনি অনুশীলনের মাঠে। লো বাজেটের দল ফকিরেরপুল, ওয়ান্ডারার্সের অবস্থাও একই।

তবে এসবের মাঝে সবচেয়ে বেশি জটিলতায় আছে ঢাকার বাইরের একমাত্র ক্লাব হিসেবে লিগে অংশ নিতে আসা চট্টগ্রাম সিটি এফসি। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এখন পর্যন্ত ঘুরছেন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে। খেলোয়াড়দের আবাসন কিংবা প্র্যাকটিস ভেন্যু—কোনোটিই চূড়ান্ত নয় দলটির। লিগের প্রথম ম্যাচের আগে অন্তত দুই দিনের জন্য দলকে মাঠে নামাতে চান বন্দরনগরীর এই সংগঠক।

নাজিম উদ্দিন বলেন, ‘বিভিন্ন জায়গায় আসলে ক্যাম্পটা আমাদের হচ্ছে না। তো মাঠ পাচ্ছি না বা হয়তো ফ্ল্যাট পাচ্ছি না। এদিকে একটু ঘোরাঘুরি হচ্ছে আরকি। ফ্ল্যাটটা যদি এদিকে হয়, আরও ৫-৭ কিলোমিটার দূরে থাকার জন্য আবার একটা ইয়ে আপনার তিন-চার মাসের একটা খরচও অনেক। এটাকে সব মিলিয়ে আমরা চাচ্ছি মাঠ আর একসঙ্গে ওই আপনার ক্যাম্পটা একসাথে রাখার জন্য।’

আরও পড়ুন:

একই অবস্থা ঢাকা ওয়ান্ডারার্সের। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারে দলটি—এমন ভাষ্য ক্লাবের প্রধান মাহবুবুর রহমান শাহীনের। খেলা পেছাতে চেয়ে বাফুফেকে চিঠি দেয়া ১০ ক্লাবই তড়িঘড়ি করে ক্যাম্প শুরুর অপেক্ষায়।

মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘প্রস্তুতি তো আজকেই করা যায় না। তো সবকিছু গুছগাছ করতেছি আমরা। আমাদের তো কমলাপুর মাঠটা আছে। কমলাপুরে আর ঢাকা ইউনিভার্সিটিতে আমি আলোচনা করতেছি, আমাকে এখনো কনফার্মেশন দেয় নাই। তো পাইলে এই দুইটা মাঠে আমরা প্র্যাকটিসটা করাবো।’

বাফুফের পক্ষ থেকে এখনো নেই নমনীয় সুর। লিগ কমিটির একাধিক সদস্যের ভাষ্য, সূচি ঘোষণার পর খেলা পেছানোর সুযোগ নেই। নাটকীয় কিছু না ঘটলে ১৮ সেপ্টেম্বরই তাই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের ২০২৬-২৭ মৌসুমের খেলা।

এসএস