শেরপুরে অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি
গ্রেপ্তার আসামি | ছবি: এখন টিভি
0

শেরপুরে শিশু অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার পলাতক প্রধান আসামি নাজিম মিয়াকে (২০) ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার, ২২ জুন) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৪ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাজিম মিয়াকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার নাজিম মিয়া ভুক্তভোগী পরিবারের দূর সম্পর্কের আত্মীয়। গত ১ জুন বিকেলে তিনি শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকায় বাদী মো. বাননাছের মিয়ার বাড়িতে বেড়াতে আসে। এরপর তার ১২ বছর বয়সী ছেলে নুর ইসলামকে আইসক্রিম কিনে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যান।

আরও পড়ুন:

পরে শিশুটি আর বাড়িতে ফিরে না আসায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে শিশুর সন্ধান চাইতে গেলে নাজিম মিয়াসহ অন্য অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়ার বিনিময়ে ১২ ঘণ্টার মধ্যে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুসহ তার বাবাকে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আদালতে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ১৭ জুন শেরপুর সদর থানায় পেনাল কোডের ৩৬১/৩৬৩/৩৮৫/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিলো। এরই ধারাবাহিকতায় আসামি নাজিমের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া অপহৃত শিশু নুর ইসলামকে অক্ষত অবস্থায় উদ্ধারে র‌্যাবের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ