পঞ্চগড়ে ২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

কারেন্ট জাল জব্দ
কারেন্ট জাল জব্দ | ছবি: এখন টিভি
0

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে মোট ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব কারেন্ট জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। জালগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

আজ (সোমবার, ২২ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারের দোকানদার মাহবুব আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুই দোকানের মালিক পালিয়ে যাওয়ায় কেবল তাদের দোকানে থাকা জালগুলো জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। এসময় অন্যদের মধ্যে সদর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পঞ্চগড় সদর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।’

তিনি বলেন, ‘জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। দেশিয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এসএস