রাঙামাটিতে আ.লীগ-যুবলীগের ৩ নেতাসহ কিশোরগ্যাং ও জুয়ার অপরাধে গ্রেপ্তার ২১

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা | ছবি: সংগৃহীত
0

রাঙামাটিতে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাসহ ডেভিল হান্ট, মাদকসেবী, কিশোরগ্যাং ও জুয়ার অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ ও অভিযান অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে পুলিশ।

গতকাল (রোববার, ৭ জুন) রাতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের পরপরই থানার সামনে ভিড় জমাতে থাকে গ্রেপ্তারকৃতদের স্বজনরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসময় থানার মূল ফটক বন্ধ করে দেয় পুলিশ।

এদের মধ্যে অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক-বাবু ত্রিপুরা ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া অপর ১৮ জনকে মাদকসেবন, কিশোরগ্যাং ও অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় বিশেষ এই অভিযানের নেতৃত্ব দেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

তিনি বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাসহ ডেভিল হান্ট, মাদকসেবী, কিশোরগ্যাং ও জুয়ার অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযান অব্যাহত থাকবে।’

এসএস