রামুতে অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা; র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ নারী

জব্দকৃত মাদকদ্রব্য
জব্দকৃত মাদকদ্রব্য | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের রামুতে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

গতকাল (শনিবার, ১৭ মে) বিকেলে রামু থানাধীন বৌদ্ধ মন্দির সড়ক ও চৌমহনী বাজার এলাকায় পৃথক দুই দফা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি গ্রামের আলী আকবরের মেয়ে লাইলি বেগম (২৬), সালেহ আহমেদের মেয়ে গুল বাহার (৩৫) এবং ইউসুফ আলীর মেয়ে হাজেরা খাতুন (৬৫)। তারা একটি সংঘবদ্ধ নারী মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রামুর হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় সন্দেহভাজন একটি ইজি বাইক তল্লাশি করলে নারী র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর শরীরে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে হাজেরা খাতুনকে আটক করা হয়। তার শরীর থেকেও উদ্ধার করা হয় আরও ২২টি ইয়াবার বান্ডেল।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মোট ৬০টি বান্ডেল থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নারী সদস্যদের ব্যবহার করে অভিনব কৌশলে এ মাদক পরিবহন করা হতো।

এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এসএইচ