উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

এক লাখ পিস ইয়াবা উদ্ধার
এক লাখ পিস ইয়াবা উদ্ধার | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে ৬৪ বিজিবি। গতকাল (সোমবার, ৪ মে) পৃথক তিনটি সফল অভিযানে সর্বমোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উলুবনিয়া মাঝেরকাটি ও উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকা এবং হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ক্যারেঙ্গাঘোনা এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা চালায়।

তবে বিজিবির প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি শনাক্ত করে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

অভিযানে পালংখালী বিওপির বিশেষ টহল দল ৭০ হাজার পিস, অপর এক অভিযানে ১০ হাজার পিস এবং হোয়াইক্যং বিওপির টহল দল ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এভাবে মোট এক লাখ পিস ইয়াবা জব্দ করা সম্ভব হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি জানান, উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান দমনে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।

এসএস