সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারকালে তক্ষক উদ্ধার, দু’জনকে জরিমানা

উদ্ধারকৃত তক্ষক
উদ্ধারকৃত তক্ষক | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচারচেষ্টার অভিযোগে দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আজ (রোববার, ৩ মে) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।

আটকরা হলেন— রংপুরের তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈলের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লার সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।

আরও পড়ুন:

পরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের প্রত্যেককে জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান জানান, চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে তক্ষকটি বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছিলো— এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ