দিনাজপুরে এনজিওকর্মী ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি
গ্রেপ্তার আসামি | ছবি: এখন টিভি
0

দিনাজপুরে এনজিওকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. তারিকুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল (রোববার, ১২ এপ্রিল) রাত ১০টার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার তারিকুল ইসলাম চিরিরবন্দর উপজেলার নশরতপুর (মাছুয়াপাড়া) গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী এনজিওকর্মীকে কৌশলে চিরিরবন্দরের নশরতপুর ফকিরপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এসময় ঘটনার ভিডিও ধারণ করে অপর এক আসামি। এক পর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।

আরও পড়ুন:

এ ঘটনায় ভুক্তভোগী গত ৩১ জানুয়ারি চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২২)।

ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলো। এ প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে অভিযান চালিয়ে অবশেষে তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।’

এসএইচ