নিহত ফাতেমা মির্জাবাড়ি ইউনিয়নের ভবানীটেকি (লেংড়া বাজার) গ্রামের রাজু আহমেদ ওরফে আবু সামার মেয়ে। পরিবারের দাবি, কানের স্বর্ণের দুল ও গলার মালার জন্য শিশুটিকে হত্যা করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার, ১১ এপ্রিল) আছরের নামাজের পর বাড়ির পাশ থেকেই হঠাৎ নিখোঁজ হয় ফাতেমা। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেন।
পরে আজ সকাল ১১টার দিকে গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয় এক নারী কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
ফাতেমার মামা জনি খান জানান, নিখোঁজ হওয়ার সময় ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রুপার মালা ছিলো। মরদেহ উদ্ধারের সময় ওই গহনাগুলো পাওয়া যায়নি। কোনো দুর্বৃত্ত গহনার লোভে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করেছে বলে ধারণা তার।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।





