পুলিশের এই কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) রাত থেকে অভিযান পরিচালনা করে। অভিযানে মসজিদ খানপুর মেইন রোডের একটি বাসা এবং কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসান লেলিন (৩৭) ও মো. জিয়াউর রহমান ওরফে রাইয়ানকে (৪০) গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় ওয়ান শুটার গান, একটি তাজা গুলি, একটি লোহার ছুরি, গানের বিভিন্ন যন্ত্রাংশ, ১১টি গুলির খোসা এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, একই রাতে নবীগঞ্জ ঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন অন্তু (২৩), সিয়াম (২১), আপন (২৩) এবং মিজানুর রহমান শাওন (৪১)।
তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দু’টি চাপাতি, একটি দা এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, ডাকাতির প্রস্তুতি ও চুরির একাধিক মামলা বিচারাধীন রয়েছে।





