Recent event

রাতে নিখোঁজ, পরদিন বিকেলে আমবাগানে মিললো যুবকের মরদেহ

আমবাগানে পুলিশ ও স্থানীয়রা
আমবাগানে পুলিশ ও স্থানীয়রা | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিহাব আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পৌর এলাকার চন্ডিপুরের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিহাব সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার জন্য জাপানি ভাষা শিখছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা জলিল আলী বলেন, ‘শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার বিকেলে চন্ডিপুরের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।’

আরও পড়ুন:

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ। আর ঘটনাস্থল থেকে নেশা জাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে।

হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন বলেও ধারণা করছে পুলিশ। এছাড়া পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

এসএইচ