Recent event

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুরের নকলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
শেরপুরের নকলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত | ছবি: এখন টিভি
0

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরির অভিযোগে আলিফ ফুড অ্যান্ড বেকারি ও মিথিলা আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্ট নামের দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চিপস ও আইসক্রিম উৎপাদনের দায়ে আলিফ ফুড অ্যান্ড বেকারি ও মিথিলা আইসক্রিম অ্যান্ড ফুড প্রোডাক্ট নামে ওই দুটি প্রতিষ্ঠানের মালামালও জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকার আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিলা আইসক্রিম এন্ড ফুড প্রোডাক্ট নামে দুই প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চিপস ও আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ করে আসছিল।

এছাড়া প্রতিষ্ঠান দুটি নিষিদ্ধ রং ব্যবহার করে শিশু খাদ্য প্রস্তুত ও সফট ড্রিংকসে মাত্রাতিরিক্ত এসপারটেম মিশ্রণ করে বাজারজাত করে আসছিল এবং অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে বিএসটিআই’র লোগো ব্যবহার এবং হালাল উল্লেখ করে বিক্রির অভিযোগও পাওয়া যায়।

আরও পড়ুন:

এমন গোপন সংবাদে ওই দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে নকলা উপজেলা প্রশাসন। অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানা এবং মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি বলেন, ‘অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই-এর লোগো ব্যবহার করা হচ্ছিল। যা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনের গুরুতর লঙ্ঘন।’

এসব দণ্ডবিধি আইনের আওতায় প্রতিষ্ঠান দুটিকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান প্রধানদের কঠোরভাবে সতর্কও করা হয়।

অভিযানে বিএসটিআই কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএইচ