বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর ‘আরও বড়’ বিপদে ইতালি

বিশ্বকাপ থেকে আবারও ছিটকে যাওয়ায় ইতালিয়ান ফুটবলে অস্থিরতা বিরাজ করছে
বিশ্বকাপ থেকে আবারও ছিটকে যাওয়ায় ইতালিয়ান ফুটবলে অস্থিরতা বিরাজ করছে | ছবি: এখন টিভি
0

দুর্বিপাকের চক্রে ঘুরপাক খাচ্ছে ইতালিয়ান ফুটবল। বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার জেরে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন। এরপরই দেখা দিলো নতুন শঙ্কা। ২০৩২ ইউরো আয়োজক হিসেবে বাদ পড়ার শঙ্কায় আছে ইতালি।

ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ের মুখোমুখি বিশ্ব ফুটবলে একসময়ের অন্যতম পরাশক্তি ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছাড়াই জুনে শুরু হবে আরও একটা বিশ্বকাপ। এ নিয়ে টানা তিন বিশ্বকাপে অনুপস্থিত আজ্জুরিরা। ব্যর্থতার চাপে বেসামাল দেশটির ফুটবল।

বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন ইতালি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান গ্যাব্রিয়েলে গ্রাভিনা। এছাড়াও ইতালিয়ান ফুটবলের ডেলিগেট পদ ছেড়ে দিয়েছেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

এমন দুর্বিপাকের মধ্যে হতাশা ঝরে পড়েছে ইতালিয়ান ফুটবলের শীর্ষ কর্তাদের মাঝে। নিজেরাও জানেন না, কোথায় মিলবে সমাধানের পথ।

আরও পড়ুন:

সাবেক ইতালিয়ান ফুটবলের প্রধান ও উয়েফা সহ-সভাপতি জিয়ানকার্লো অ্যাবেতে বলেন, ‘আমি কখোনোই ভাবতে পারিনি, আমাদের শেষ বিশ্বকাপ ম্যাচটা হবে ২০১৪ সালে, যখন আমি পদত্যাগ করেছিলাম। কিন্তু এখন বলতে হচ্ছে, আমাদের সব পরিস্থিতি মেনে নিতে হবে। সেইসঙ্গে কীভাবে ইতালিয়ান ফুটবলের ধারা পরিবর্তন করা যায়, সেখানে মনোযোগ দিতে হবে।’

সিরি-আ প্রধান এজিও সিমোনেল্লি বলেন, ‘ইতালিয়ান ফুটবল পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে হবে। তরুণদের উন্নতির পাশাপাশি প্রশাসনিক দিকেও নজরদারি দরকার। সেইসঙ্গে ক্লাবগুলোর আর্থিক অবকাঠামো শক্তিশালী করা দরকার, যেন ইতালি আবার আগের সাফল্য ফিরে পায়।’

এর মধ্যেই উয়েফা থেকেও এসেছে হতাশার খবর। স্টেডিয়ামের পর্যাপ্ত সংস্কার করা না হলে ২০৩২ ইউরো আয়োজন থেকে বঞ্চিত হবে ইতালি। ১৯৯০ বিশ্বকাপের সময়ে দেশটিতে স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল।

তিন দশকের ব্যবহারের পর এখন অনেক মাঠেই দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা। এমন একটি বড় আয়োজনের আগে তাই ইতালিকে সাবধান করে দিয়েছে উয়েফা।

এসএইচ