Recent event

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

আটক দুই যুবক ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম
আটক দুই যুবক ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম | ছবি: এখন টিভি
0

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত মো. ইমরান ও মো. সজিব নামে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই অস্ত্রধারীকে আটক করা হয়।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু বিষয়টি নিশ্চিত করেন।

আটক ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে ও সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন:

সেনাবাহিনী জানায়, আটকদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশিয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধারকৃত আলামতসহ আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

এসএইচ