Recent event

বাবার আসনে প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী ইয়াসের খান

ইয়াসের খান চৌধুরী
ইয়াসের খান চৌধুরী | ছবি: এখন টিভি
0

৩৫ বছর পর বাবার আসনে নির্বাচনে দাঁড়িয়েই হয়েছেন সংসদ সদস্য। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে নিয়েছেন সংসদ সদস্য পদে শপথ। বিকেলে শপথ নিয়েছেন প্রতিমন্ত্রীর। জানানো হচ্ছিলো ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী কথা। তরুণ প্রজন্মের মধ্যে ইয়াসের খান চৌধুরী ছিলেন ব্যাপক আলোচনায়। অবশেষে প্রতিমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ষোলকলা পূর্ণ।

ইয়াসের খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য।

তারই পুত্র ইয়াসের খান চৌধুরী একজন তথ্য প্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্য প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে দেশে এসে তিনি এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন।

তার বাবা ছাড়াও চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের এমপি। আওয়ামী লীগ পতনে ছাত্র-জনতার আন্দোলনে নান্দাইলে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেকের মধ্যে নিজেকে দলের কাছে গ্রহণযোগ্য করে তুলে পান নির্বাচনে দলের মনোনয়ন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৮৬ হাজার ১৮৫ ভোটে নির্বাচিত হন সংসদ সদস্য। মঙ্গলবার সকালে এমপি হিসাবে শপথ নিয়েই ডাক পান প্রতিমন্ত্রী হওয়ার। বিকেলে শপথ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে। ইয়াসের খান চৌধুরীর মন্ত্রী হওয়ার খবরে আনন্দে ভাসছে নান্দাইলের মানুষ।

এসএস