Recent event

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে আমির হামজাকে জরিমানা

মুফতি আমির হামজা
মুফতি আমির হামজা | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দু’টি মামলায় কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ আদেশ দেন। পরে তার পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দু’টি মামলা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় এ দণ্ড দেয়া হয়।

আরও পড়ুন:

এ রায়ে উল্লেখ করা হয়, মজমপুর গেটসহ বিভিন্ন নির্বাচনি এলাকায় সরেজমিন পরিদর্শনে আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ও মুদ্রণের তারিখ না থাকার প্রমাণ মেলে। এসময় তার আইনজীবী তৌহিবুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেন।

রায়ের প্রতিক্রিয়ায় বাদী রাশেদ আহমেদ জানান, তিনি রায়ে সন্তুষ্ট হলেও এখনো সব ব্যানার অপসারণ হয়নি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

এছাড়া আদালত রাজনৈতিক দলগুলো ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ যথাযথভাবে মেনে চলার নির্দেশও দিয়েছেন।

এসএইচ