মানিকগঞ্জে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনাগ্রস্ত বাস
দুর্ঘটনাগ্রস্ত বাস | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন চালক। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এফএস