বিজিবি সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিং
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিং | ছবি: এখন টিভি
0

বিজিবি সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সময়ে এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৩৩ জনকে।

আজ (রোববার, ১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সুবেদার মেজর মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রায় ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়।

সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ৪০ হাজার ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৬ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২১০ লিটার চোলাই মদ। এসব ঘটনায় ৩৩৩ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধেও অভিযান চালিয়েছে বিজিবি। এসব অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়ন সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে কাজ করছে বাহিনীটি।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছে বিজিবি। দুর্গম ও বন্যাকবলিত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ত্রাণ সহায়তা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এএইচ