এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন লিও

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

স্পেনের বিখ্যাত প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করেছেন লিওনেল মেসি। শিশু শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার মানবিক কার্যক্রমের প্রতি সম্মাননা হিসেবে চলতি বছরের এই পুরস্কার গ্রহণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। কেবল ফুটবল মাঠের সাফল্য না, লিওনেল মেসিকে এখন বিবেচনা করা হচ্ছে মাঠের বাইরের প্রভাব দিয়েও।

শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, মানবিক মূল্যবোধ, সমাজ দর্শন এবং খেলাধুলা। প্রতিবছর অক্টোবর মাসে এসব বিভাগে দেয়া হয় স্পেনের ঐতিহ্যবাহী প্রিন্সেস অভ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড। চলতি বছর যে পুরস্কার পেয়েছেন ফুটবলের লিওনেল মেসি।

স্পেনের ওভেইদো শহরের ক্যামপোয়ামোর থিয়েটারে অভিজাত এক আয়োজনে লিওনেল মেসিকে এই পুরস্কার তুলে দেন স্পেন রাজকন্যা লিওনোর। এইসময় সেখানে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানী লেতিসিয়া।

ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। এর আগে ২০১২ সালে জাভি এবং ইকার ক্যাসিয়াস এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবল দল এই পুরস্কার পেয়েছিল।

ফুটবলে অসামান্য ক্যারিয়ার এবং মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখায় লিওনেল মেসির হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার প্রদান শেষে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানান স্প্যানিশ রাজকন্যা লিওনোর।

স্প্যানিশ রাজকন্যা লিওনোর বলেন, ‘আমি জানি না, এমন আর কেউ আছেন কি না, যিনি সবার মাঝেই আবেগ তৈরি করতে পারে। মেসির একটি মুহূর্ত, একটি গোলের অপেক্ষায় থাকে সবাই। এক মুহূর্তের মধ্যেই যেন সবকিছু ধরা পড়ে। এ কারণেই আজ মেসি ও তার অতুলনীয় ক্যারিয়ার নিয়ে কথা বলা এতটা প্রাসঙ্গিক।’

লিওনেল মেসির এই পুরস্কারের পর আবারও প্রশ্ন উঠেছে তিনিই সর্বকালের সেরা ক্রীড়াব্যক্তিত্ব কি না? ২০২২ বিশ্বকাপের পর সবার আগে এমন প্রশ্ন তুলেছিলেন টেনিস কিংবদন্তি অ্যান্ডি মারে। আস্তুরিয়াস পুরস্কারের পর সেই আলাপ শুরু হয়েছে আরও একবার।

প্রেস্টিজিয়াস এই পুরস্কারের মতোই এর আগে একমাত্র ফুটবলার হিসেবে ক্রীড়াঙ্গনের নোবেল খ্যাত লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডও জয় করেছিলেন লিও। ২০২০ সালে লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এবং ২০২৩ সালে এককভাবে এই পুরস্কার জয় করেন তিনি।

ইতিহাসে আর কোনো ফুটবলারই ক্রীড়াঙ্গনের এই পর্যায়ে আসতে পারেননি। মেসিকে নিয়ে তাই আলোচনা আপাতত চলছে ফুটবলের বাইরেও বড় পরিসরে।

জেআর