ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৭

সড়ক দুর্ঘটনায় দুমড়ে যাওয়া সিএনজি ও মর্গে মরদেহ
সড়ক দুর্ঘটনায় দুমড়ে যাওয়া সিএনজি ও মর্গে মরদেহ | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় মহাসড়কের গন্দ্রপারমোড়ে বাসচাপায় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা একি পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে সড়ক দুর্ঘটনায় একি পরিবারের ৪জন সহ ৭ জন নিহতের প্রায় ৫ ঘণ্টা পর স্বজনরা এসে মর্গে পৌঁছান। মারা যাওয়া স্বামী, শাশুড়ি, মেয়েসহ একমাত্র নাতীকে হারিয়ে পাগল প্রায় চায়না বেগমের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।

বিকেলে মরদেহের পরিচয় শনাক্তে মর্গে এসে পৌঁছে সিআইডি ক্রাইম সিন টিমের সদস্যরা। বাকি তিনজনের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হয় তাদের মধ্যে সিএনজি চালক সুজন মিয়া, আকরাম, মমতাজসহ ৭ জনের বাড়িই জামালপুরের একি উপজেলায় বলে জানা যায়।

জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিটি দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী ।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে দুপুর ২ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত হয়। ২ ঘণ্টা পর তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ঘাতক রাজিব পরিবহন আটক করা গেলেও পালিয়ে যায় হেল্পার ও চালক। রাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

এএইচ