সাদ-সোহেলের পার্টি নিয়ে জানতেন না টিম লিডার, দেশে ফিরেই তদন্ত

পার্টিতে সাদ-সোহেল
পার্টিতে সাদ-সোহেল | ছবি: সংগৃহীত
0

ইন্দোনেশিয়া ম্যাচের পর সাদ উদ্দিন এবং সোহেল রানা জুনিয়রের পার্টি করার বিষয়ে কিছুই জানতেন না টিম লিডার ইকবাল হোসেন। তবে, পার্টিতে অংশ নেয়ার প্রসঙ্গে দেশে ফিরে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বাফুফের এই সদস্য। যদিও অভিযুক্ত খেলোয়াড়দের দাবি, এ ছবি মাসখানেক আগের।

ইন্দোনেশিয়ার বিপক্ষে শোচনীয় হারের পর বাংলাদেশ দলের দুই ফুটবলার সাদ উদ্দিন এবং সোহেল রানা জুনিয়র হাজির হন নাইট ক্লাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন এক ছবি প্রকাশ্যে আসার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন বাংলাদেশের দুই ফুটবলার।

কিন্তু, ছড়িয়ে পড়া এ ছবি নিয়ে আছে নানা বিতর্ক। সাদ উদ্দিন এরই মধ্যে দাবি করেছেন, ছবিটি ইন্দোনেশিয়ায় তোলা নয়। মোহামেডানের হয়ে দলবদলের পর তিনি এবং সোহেল রানা নেপালের একটি ক্লাবে এ ছবি তোলেন। কিন্তু, এক্স পোস্টে বলা হচ্ছিল, ইন্দোনেশিয়ার এইচ ক্লাবে ছবিটি নেয়া হয়েছে। তুমুল বিতর্কের মুখে সেই ছবি সরিয়ে দেয়া হলেও তা নিয়ে আলোচনা থামছে না সহসাই।

এসব নিয়ে জানতে যোগাযোগ করা হয় টিম লিডার হিসেবে ইন্দোনেশিয়ায় থাকা ইকবাল হোসেনের সঙ্গে। সাদ এবং সোহেল রানা জুনিয়রের নাইটক্লাবে যাওয়ার বিষয়টি টিম ম্যানেজমেন্ট জানে না বলেই এখন টিভিকে জানিয়েছেন তিনি।

ইকবাল হোসেন বলেন, ‘আমরা শুনছি, আজকে দেখছি ফেসবুকে। আমরা সিদ্ধান্ত নেব।’ তবে, এ ঘটনায় বেশ ক্ষুব্ধ বাফুফের এ নির্বাহী সদস্য। জানালেন, দেশে ফিরে তদন্ত করা হবে দুই ফুটবলারকে নিয়ে।

ইকবাল হোসেন আরও বলেন, ‘একটা তদন্ত তো হবেই।’ ব্যর্থ আসিয়ান কাপ শেষে এরই মধ্যে দেশে ফেরার বিমান ধরেছে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্টের দ্বিতীয় বহরও ঢাকার ফ্লাইট ধরবে শুক্রবার রাতে।

জেআর