যমুনা সেতু পার হলো ১১-দলীয় ঐক্যের সাড়ে চার শতাধিক গাড়ি

যমুনা সেতুতে ১১-দলীয় ঐক্যের গাড়িবহর
যমুনা সেতুতে ১১-দলীয় ঐক্যের গাড়িবহর | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চের ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতুর টোল প্লাজা সূত্র এ তথ্য জানিয়েছে। আট দফা দাবিতে শনিবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করে ১১-দলীয় ঐক্য। বেলা সোয়া ১১টার দিকে লংমার্চের গাড়িবহর টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছায়।

সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের নেতারা।

পথসভা শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে টাঙ্গাইল ত্যাগ করে। যমুনা সেতু টোল প্লাজা সূত্র জানায়, দুপুর ১২টা ৩২ মিনিটে লংমার্চের মূল বহর সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজায় পৌঁছায়। এরপর টোল পরিশোধ করে গাড়িগুলো সেতু পার হতে শুরু করে। বিভিন্ন লেন দিয়ে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত লংমার্চের গাড়িগুলো উত্তরবঙ্গের দিকে পার হয়ে যায়।

টোল প্লাজা সূত্র আরও জানায়, মূল বহর আসার আগে বিচ্ছিন্নভাবে কয়েকটি গাড়ি এবং মূল বহর চলে যাওয়ার পরও লংমার্চের স্টিকারযুক্ত কিছু গাড়ি সেতু পার হয়। সব মিলিয়ে লংমার্চের ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হয়েছে।

এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছয় দফা দাবি সামনে রেখেছিল ১১ দল। দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি, তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

রংপুরের কর্মসূচিতে এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। জোটের নেতাদের বক্তব্য অনুযায়ী, উত্তরবঙ্গের মানুষের দাবিকে বিবেচনায় নিয়ে তিস্তা মহাপরিকল্পনাকে এবারের কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শনিবারের লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

এএম