অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির অভিযোগ

ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির অভিযোগ
ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির অভিযোগ | ছবি: এখন টিভি
0

খ্যাতিমান অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়িটির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা।

ফজলুর রহমান বাবুর বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে।

অভিনেতা ফজলুর রহমান বাবু অভিযোগ করে জানান, গতকাল (সোমবার, ২৪ আগস্ট) রাতে তিনি ফরিদপুরের ওই বাড়িতে এসে বিদ্যুৎ না থাকার বিষয়টি দেখতে পান। পরে বাইরে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের তার কাটা অবস্থায় দেখতে পান। এরপর বাড়ির ছাদে গিয়ে এসির তারও পাওয়া যায়নি। এছাড়া বাড়ির বাইরে রাখা আরও বেশ কিছু মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে অবহিত করেন তিনি।

ফজলুর রহমান বাবু পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করলেও জন্মস্থান হওয়ায় মাঝেমধ্যেই ফরিদপুরের বাড়িতে আসেন। মাসে সাধারণত এক-দু’বার সেখানে যাওয়া হয়। সবশেষ ২০ থেকে ২৫ দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন এবং দু’দিন অবস্থান করে ঢাকায় ফিরে যান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এটি আমার জন্মস্থান। তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানে নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয় মাদকসেবীদের চুরির ঘটনায় দায়ী করে অভিনেতা জানান, তার বাড়ির পাশাপাশি আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। তার অভিযোগ, মাদক কেনার টাকা জোগাড় করতে স্থানীয় মাদকসেবীদের একটি অংশ বিভিন্ন বাড়িতে চুরি করছে। এ পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে বিদ্যুতের তার চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।’

এসএস