এর আগেরদিন দুপুরে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মিরগঞ্জ এলাকার মোহাম্মদ হাছান ওরফে রনি (৩১), উত্তর চাঁদপুর এলাকার মো. এমদাদুল হক ওরফে শাকিল (২১) এবং ছাগলনাইয়া উপজেলার কসবা এলাকার মোহাম্মদ মুছা (৫৮)।
ছাগলনাইয়া থানা পুলিশ জানায়, এএসআই লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দিবাকালীন মোবাইল ডিউটিতে ছিল। এসময় ফেনী নদীর লাঙ্গলমোড়া চরপাড়া এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েকটি ড্রামট্রাকে করে দৌলতপুরের দিকে নিয়ে যাওয়ার খবর পায় পুলিশ।
পরে লাঙ্গলমোড়া পাকা সড়কের দৌলতপুর নয়াপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তিনটি ড্রামট্রাক থামানো হয়। ট্রাকগুলোতে থাকা বালুর বিষয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন:
আটক তিনজনের কাছ থেকে বালু উত্তোলন ও পরিবহনের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে তিনটি ড্রামট্রাক থেকে আনুমানিক ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালুর আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
পুলিশের দাবি, সরকারি ইজারা ছাড়াই ফেনী নদীর লাঙ্গলমোড়া চরপাড়া এলাকা থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে নদীর পাড়ে মজুদ এবং পরে তা পরিবহন করে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।
এ ঘটনায় আটক ব্যক্তিদেরসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪, ৫ ও ১৫ ধারায় ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ১১/১৭২, তারিখ ১০ আগস্ট ২০২৬।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক তিনজনকে মঙ্গলবার (১১ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ছাগলনাইয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




