আজ (সোমবার, ১০ আগস্ট) ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সাপে কাটা নারী চৈতী রানী (৫৫) ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার দারাজগাঁও এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় চৈতী রানীর বাঁ পায়ে একটি সাপ ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই সঙ্গে সাপটির বিষের ধরন শনাক্ত করতে ছোবল দেয়া সাপটিকেও ধরে হাসপাতালে নিয়ে যান তারা।
আরও পড়ুন:
সাপটি টেটা দিয়ে মেরে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকেরা সেটিকে বিষধর সাপ হিসেবে শনাক্ত করে চৈতী রানীকে অ্যান্টিভেনম দেন।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সভাপতি সহিদুল ইসলাম সাপটিকে ‘পাতি কাচাল’ হিসেবে শনাক্ত করেছেন। তার দাবি, এটি দেশের অন্যতম বিষধর সাপ।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর বলেন, ‘ভোরে একজন সাপেকাটা রোগী হাসপাতালে আসেন। তার সঙ্গে স্বজনরা সাপটিকেও নিয়ে আসেন। সাপটি বিষধর হিসেবে শনাক্ত হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দেয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।’




